১৫ বছর পর সিনেমায় ফিরছেন ডলি জহুর

0
34

নব্বই দশকের জনপ্রিয় ও শক্তিমান অভিনেত্রী ডলি জহুর দীর্ঘ ১৫ বছর পর আবারও সিনেমায় ফিরছেন। রেদোয়ান রনি পরিচালিত নতুন চলচ্চিত্র ‘দম’–এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।

জানা গেছে, ছবিটিতে ডলি জহুর অভিনয় করছেন আফরান নিশোর মায়ের চরিত্রে। নিশোর পুত্রবধূর ভূমিকায় রয়েছেন পূজা চেরি।

সিনেমায় ফেরার বিষয়ে ডলি জহুর বলেন, এফডিসির নিয়মিত চলচ্চিত্রে তিনি বহু বছর কাজ করেননি। তবে ‘দম’ ছবির গল্প, লোকেশন ও পরিচালকের কাজের ধরন তার ভালো লেগেছে বলেই আবারও চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

পরিচালক রেদোয়ান রনি সম্পর্কে তিনি বলেন, “রনি খুব মেধাবী ও নিষ্ঠাবান পরিচালক। তার আগের কাজগুলো দেখেই সেটা বোঝা যায়। এই সিনেমাতেও তিনি ভালো কাজ করছেন।”

শুটিং সেট নিয়েও সন্তুষ্টি প্রকাশ করে ডলি জহুর জানান, চলনবিলের মাঝখানে সুন্দরভাবে সেট নির্মাণ করা হয়েছে এবং ভালো কাজের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে সর্বশেষ সিনেমায় অভিনয় করেছিলেন ডলি জহুর। দীর্ঘ অভিনয় জীবনে তিনি ১৬১টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ছিল রহিম নওয়াজ পরিচালিত ‘অসাধারণ’।

অভিনয়ে অসামান্য অবদানের জন্য ডলি জহুর দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন—‘শঙ্খনীল কারাগার’ (১৯৯২) চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী এবং ‘ঘানি’ (২০০৬) চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে। এছাড়াও জাতীয় চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক লাভ করেছেন।