দীর্ঘ প্রতীক্ষা ও কয়েক দফা বৈঠকের পর অবশেষে চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বা সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে কোন দল কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তার চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।
এর আগে দুপুরে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এক চূড়ান্ত বৈঠকে বসবেন, যেখানে সমঝোতার শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো সুরাহা করা হবে।
জোটের শীর্ষ নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক পৃথকভাবে নিজেদের মধ্যে বৈঠক করেছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন, আলোচনা ইতিবাচক এবং সমঝোতা প্রায় চূড়ান্ত।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারাও গভীর রাত পর্যন্ত বৈঠক করেছেন এবং আজই চূড়ান্ত ঘোষণার আভাস দিয়েছেন। জাগপা-এর সহসভাপতি রাশেদ প্রধান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আজ বিকেল ৪টা ৩০ মিনিটে এই বহুল প্রতীক্ষিত আসন তালিকা প্রকাশ করা হতে পারে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২১ জানুয়ারি থেকে প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। এমন সময়ে এই ১১ দলীয় জোটের আসন সমঝোতা রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।
এর আগে সোমবার জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন যে, দু-এক দিনের মধ্যেই জোটের অবস্থান পরিষ্কার করা হবে। আজকের এই ঘোষণা থেকে স্পষ্ট হবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটে থাকছে কি না এবং বড় দলগুলোর মধ্যে আসন বণ্টন কেমন হচ্ছে।