মিয়ানমার থেকে অনুপ্রবেশের অভিযোগে ৫২ রোহিঙ্গা কারাগারে

0
29

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক ৫২ রোহিঙ্গাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোহাম্মদ আসিফ তাদের জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে দুপুরে টেকনাফ মডেল থানা পুলিশ আটক রোহিঙ্গাদের কক্সবাজার আদালতে হাজির করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যসহ মোট ৫৭ জনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। যাচাই-বাছাই শেষে নাফ নদীতে মাছ আহরণকারী দুই বাংলাদেশি নাগরিকসহ চারজন নিরীহ ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।

বাকি ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে রোববার রাতে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও বলেন, মঙ্গলবার মামলার এজাহারভুক্ত ৫২ জনকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে বিকেলে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে পরিস্থিতির প্রেক্ষিতে টেকনাফ সীমান্তে বিজিবির বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে চলাচলের জন্য সতর্কতা জারি করেছে বিজিবি।