জুলাই গণঅভুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মচারী শ্রাবণ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আবেদন মঞ্জুর করেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এতথ্য নিশ্চিত করেন।
তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক মো. মিজানুর রহমান তাকে গ্রেফতার দেখানো আবেদন করেছিলেন।
গত ২০ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থেকে মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনে অংশ নেন রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মচারী মাহফুজ আলম শ্রাবণ। ওইদিন দুপুর আড়াইটার দিকে মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মাঝের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উপর আক্রমণ হয়। আসামিদের ছোঁড়া গুলি শ্রাবণের বুকের বাম পাশে লাগে। গুলিবিদ্ধ শ্রাবণকে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।