ক্রিকেটারদের ডাকা ধর্মঘটের কারণে চলতি বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটারদের আগের দিনের ঘোষণানুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলই মাঠে আসেনি। বেলা একটায় ম্যাচ শুরুর কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। দিনের পরের ম্যাচটি নিয়েও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি মোহাম্মাদ মিঠুন জানান, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত খেলা বর্জনের সিদ্ধান্তে তারা অনড় আছেন। তাদের দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখার অবস্থানেই থাকবেন বলে তিনি জানান।
এই সংকটের সূত্রপাত বুধবার এম নাজমুল ইসলামের কিছু মন্তব্যকে ঘিরে। বাংলাদেশ দল বিশ্বকাপে যেতে ব্যর্থ হলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি মূলত বোঝান, দল যদি গিয়ে “কিছুই না করতে পারে”, তাহলে তাদের পেছনে বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে এবং ব্যয় করা টাকা ফেরত চাওয়ার কথাও তিনি তুলনা টেনে উল্লেখ করেন। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাত সাড়ে ৯টায় অনলাইন সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি ঘোষণা দেন, সংশ্লিষ্ট পরিচালক পদত্যাগ না করলে তারা সব ধরনের ক্রিকেট বন্ধ রাখবেন।
পরবর্তীতে একই রাতে ক্রিকেটারদের সঙ্গে বিসিবি পরিচালকদের বৈঠক হয়। সেখানে পরিচালকদের পক্ষ থেকে আলোচিত পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। তবে ক্রিকেটাররা পদত্যাগের দাবিতে অনড় থাকার কথা জানান, যার জেরে বৃহস্পতিবার ম্যাচও মাঠে গড়ায়নি।
উল্লেখ্য, এম নাজমুল ইসলাম বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান। কয়েক দিন আগে তিনি সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে ‘ভারতীয় দালাল’ মন্তব্য করায় তা নিয়েও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল।