প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট এসেছে জুলাই গণঅভ্যুত্থান থেকে। এ পর্যায়ে গণভোটে ‘হ্যাঁ’ বলার মাধ্যমে সেই ম্যান্ডেটকে পূর্ণতা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
বুধবার রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ প্রমাণ করে—যত প্রতিকূলতাই থাকুক, ন্যায়ের পক্ষে থাকলে বিজয় অনিবার্য। একাত্তরের ধারাবাহিকতায় ২০২৪ সালে সবাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের মোকাবিলা করেছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সব শক্তিকে এক হয়ে গণভোটকে সফল করতে হবে।
সম্মেলনে তিনি আরও বলেন, মানুষ পরিবর্তন চায় বলেই দেশে গণঅভ্যুত্থান হয়েছে। জুলাই সনদের প্রতিটি অক্ষর শহীদদের রক্তে লেখা দাবি করে আলী রীয়াজ বলেন, যাদের আত্মত্যাগে এই সনদ রচিত হয়েছে, তারা দেশকে পরিবর্তনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের দিয়েছেন।
গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত ওই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, রংপুর বিভাগের কমিশনার মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং রংপুরের পুলিশ কমিশনার মো. মজিদ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকার। রংপুর বিভাগের বিভিন্ন জেলার ইমামরা এতে অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, গণভোট কোনো একক এজেন্ডা নয়; দেশের রাজনৈতিক দল, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞদের ঐকমত্যে জুলাই সনদ তৈরি হয়েছে। তিনি বলেন, গণভোটে ‘না’ বলা মানে ফ্যাসিবাদের পক্ষেই অবস্থান নেওয়া। পাশাপাশি তিনি উল্লেখ করেন, গত ৫৪ বছরে পূর্ণাঙ্গ ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব হয়নি এবং ন্যায়, সাম্য ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ব্যর্থ হলে স্বাধীনতার লক্ষ্য ব্যর্থতায় পর্যবসিত হবে।
ধর্ম সচিব মো. কামাল উদ্দিন বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে আলেম সমাজ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। মানুষের হক প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে গণভোট একটি বড় সুযোগ বলেও তিনি মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী সরকার বলেন, গণভোটের কোনো দফাই ধর্ম, আইন ও নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়। তিনি জানান, আলেম সমাজ গণভোটের সব দফার সঙ্গে একমত এবং এর সফল বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করবে।
এ সম্মেলনে আরও বক্তব্য দেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জাতীয় ইমাম সমিতি রংপুরের সভাপতি নাজমুল ইসলাম সিদ্দিকী, কারামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজীদ হোসাইন, মুলাটোল মদিনাতুল উলুম আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ও কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আছগর আলী।