বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র

0
46

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা প্রদান সংক্রান্ত বর্তমান যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে এবং এই সময়ের মধ্যে উল্লিখিত দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, “ভিসা দেওয়ার প্রক্রিয়াগুলো নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে আপাতত ৭৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত রাখা হচ্ছে। মূলত যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ ও সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ।”

ফক্স নিউজ জানায়, প্রাথমিকভাবে কয়েকটি দেশের নাম প্রকাশ করা হলেও পরবর্তীতে তালিকায় বাংলাদেশের নাম যুক্ত করা হয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে থাকেন।

ফক্স নিউজের প্রকাশিত তালিকায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক, রাশিয়া, নাইজেরিয়া, ব্রাজিল, থাইল্যান্ড, মিসর, সিরিয়াসহ মোট ৭৫টি দেশের নাম রয়েছে।

সূত্র: ফক্স নিউজ