বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র জমা দেন।
রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার হবে। জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, তিনি এ বিষয়ে সর্বাত্মক প্রয়াস চালাবেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর, বহুমাত্রিক ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, নবনিযুক্ত রাষ্ট্রদূত সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান। গত ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সিনেট তাকে রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন দেয়।