স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

0
41

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাকে (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার অগ্রগতি, জনশক্তি রফতানি ও পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী’তে বাংলাদেশের অংশগ্রহণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও সৌদি আরব ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ এবং সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। তিনি উল্লেখ করেন, ইসলাম ধর্মের পবিত্র ভূমি হওয়া ছাড়াও সৌদি আরব ৩২ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী কর্মীর দ্বিতীয় আবাসস্থল। সৌদি প্রবাসীদের অবদান বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি জানান।

এ সময় বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিয়োগের অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

রাষ্ট্রদূত সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ মিশন এবং বাংলাদেশের বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর বিষয়টি নিয়ে পূর্ণোদ্যমে কাজ করছে। প্রক্রিয়া ত্বরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকটি বিশেষ টিমও পাঠানো হয়েছে। তবে মিশনে জমা পড়া আবেদনের তুলনায় পাসপোর্ট এনরোলমেন্টে উপস্থিতির হার কম বলে তিনি জানান এবং বিষয়টি সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্টারকে অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করেন।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা—এ বিষয়ে তারা সম্পূর্ণ প্রস্তুত।

তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বাহিনী মোতায়েন সংক্রান্ত একটি পরিপত্রও জারি করা হয়েছে। পাশাপাশি অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে এবং ‘ডেভিল হান্ট ফেইজ-২’সহ নিয়মিত অভিযান চলমান রয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ মেয়াদে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় ‘বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী’তে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং এ সংক্রান্ত সৌদি ইন্টেরিয়র মিনিস্টারের আমন্ত্রণপত্র উপদেষ্টার হাতে তুলে দেন। তবে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় উপদেষ্টা নিজে অংশ নিতে অপারগতা প্রকাশ করেন এবং উপযুক্ত প্রতিনিধি প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।