আফ্রিকা কাপ অব নেশন্সে মোহাম্মাদ সালাহর আক্ষেপ আরও দীর্ঘ হলো। তার দল মিশরকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সাদিও মানের সেনেগাল। মরক্কোয় চলমান আসরের প্রথম সেমিফাইনালে বুধবার প্রতিযোগিতার সফলতম দল মিশরকে বিদায় করে দেয় সেনেগাল। ম্যাচের একমাত্র গোলটি করেন সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে।
এ জয়ে গত চার আসরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে পৌঁছাল সেনেগাল, যারা ২০২১ সালে নিজেদের একমাত্র শিরোপা জিতেছিল। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন কোত দে ভোয়াকে হারিয়ে সেমিতে ওঠা রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশরের পথচলা থেমে গেল শেষ চারে। ২০১০ সালের পর আর শিরোপা জেতা হয়নি মিশরের, আর দেশের অন্যতম সেরা ফুটবলার সালাহও এখনো আফ্রিকা কাপের ট্রফির স্বাদ পাননি।
ম্যাচে চার গোল করা সালাহ এদিন ছিলেন তুলনামূলকভাবে নিষ্প্রভ। গোলশূন্য প্রথমার্ধের পর ৭৮তম মিনিটে আসে সিদ্ধান্তগড়া মুহূর্ত। লামিনে কামারার একটি শট বক্সের বাইরে মিশরের এক ডিফেন্ডার ঠেকিয়ে দিলে বল পেয়ে যান মানে। প্রায় ২০ গজ দূর থেকে জোরাল নিচু শটে গোল করে সেনেগালকে এগিয়ে দেন সাবেক লিভারপুল ফরোয়ার্ড।
পুরো ম্যাচে আধিপত্যও ছিল সেনেগালের। প্রায় ৬৪ শতাংশ বল দখলে রেখে তারা ১২টি শট নেয়, যার ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে মিশরের ৩টি শটের মধ্যে মাত্র ১টি লক্ষ্যে ছিল, সেটিও যোগ করা সময়ে। ওই সুযোগে বক্সের বাইরে থেকে ওমার মার্মাউশের শট ঠেকিয়ে সেনেগালের জয় নিশ্চিত করেন গোলরক্ষক।
ফাইনাল হবে আগামী রোববার, যেখানে সেনেগালের প্রতিপক্ষ স্বাগতিক মরক্কো। দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে নাইজেরিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মরক্কো। নির্ধারিত সময়ে আক্রমণে আধিপত্য করলেও জালের দেখা পায়নি তারা।