লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

0
38

নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ অভিযুক্তদের আটক করা হয়।

আটকরা হলেন দিঘলিয়া গ্রামের মো. কামরুজ্জামান মণ্ডলের ছেলে তোফায়েল মণ্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের তবিবুর বিশ্বাসের ছেলে মো. রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরা শ্যামনগরের বইশখালি গ্রামের মৃত নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন ওরফ পিন্টু (৫০) এবং একই গ্রামের মৃত তোফাজ্জল গাজীর ছেলে আমিনুর গাজী (৪৫)।

পুলিশ জানায়, লোহাগড়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিঘলিয়া এলাকায় তোফায়েল মণ্ডলের বাড়িতে রাতের অভিযানে যায়। এ সময় তোফায়েলের দেওয়া তথ্যে বসতঘরের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ ৭.৬২ মিলিমিটারের পিস্তল, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তোফায়েলকে সঙ্গে নিয়ে আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘের থেকে রাসেল, পিন্টু ও আমিনুরকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘেরের বিভিন্ন স্থান থেকে একটি এয়ারগান, ৮০০ পিস গুলি, মাদকসহ চাপাতি, দা, রামদা ও আরও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি মো. আব্দুর রহমান বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশ দিঘলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং চারজনকে আটক করা হয়। পরে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।