খালেদা জিয়াকে স্মরণে আজ নাগরিক সমাজের শোকসভা

0
34

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে আজ শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভায় দেশের বিভিন্ন স্তরের পেশাজীবী প্রতিনিধিদের পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোকসভার বিস্তারিত তুলে ধরেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি জানান, আজ দুপুর আড়াইটায় শোকসভা শুরু হবে এবং এটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং বেগম খালেদা জিয়ার প্রতি জাতীয় পর্যায় থেকে মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক উদ্যোগ। শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। পরিবর্তে বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষকসহ পেশাজীবীরা বক্তব্য দেবেন।

শোকসভার নিয়ম-কানুন সম্পর্কে জানানো হয়, অনুষ্ঠানের ভেতরে সেলফি তোলা, হাততালি দেওয়া এবং দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ থাকবে। এছাড়া আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ করা যাবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, ডা. জাহেদ উর রহমান এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।