ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, তিনি তার বাবার নাম কোনোভাবেই নষ্ট হতে দেবেন না। বিএনপির কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি বা দুর্নীতিতে জড়ালে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, কারও ব্যক্তিগত অন্যায়ের দায় তিনি নেবেন না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে মো. ইব্রাহিম মোল্লার বাড়িতে অনুষ্ঠিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল হিসেবে আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
শামা ওবায়েদ তার বক্তব্যে বলেন, তিনি যদি তার বাবার সন্তান হয়ে থাকেন, তাহলে এলাকায় কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেবেন না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার কথা বলেন তিনি। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে সেটির দায়ভার তিনি বহন করবেন না বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের সেবা করে যাচ্ছে— সেজন্য দলের নামে কোনো বদনাম সহ্য করা হবে না। পাশাপাশি তিনি সবাইকে সৎপথে থেকে জীবিকা নির্বাহ করার পরামর্শ দেন।
সভায় সালথা উপজেলা গঠনের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে সালথায় জনসভা করে উপজেলা ঘোষণা দিয়েছিলেন। এছাড়া তিনি তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত কে এম ওবায়দুর রহমানের অবদানের কথাও উল্লেখ করেন এবং বলেন, সালথা উপজেলা পরিষদ গঠনে তার বাবার নেতৃত্ব ছিল, ফলে স্থানীয় মানুষ জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেয়েছেন। তিনি সালথা-নগরকান্দার মানুষের পাশে থাকতে সবার দোয়া চান।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করার ইচ্ছা আছে তার, যেখানে কম খরচে দরিদ্র মানুষ চিকিৎসা পাবে। পাশাপাশি শিক্ষাখাত ঢেলে সাজানো এবং যুবক ও নারীদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার। অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন ও ইউপি সদস্য শাহজাহান মোল্লাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করা হয়।