হাদি হত্যার বিচারে লক্ষাধিক মানুষের সমাবেশের ঘোষণা ইনকিলাব মঞ্চের

0
25

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানী ঢাকা কাঁপিয়ে লক্ষাধিক মানুষের বিশাল সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি ও শাহবাগ প্রদক্ষিণ করার সময় হাদির রেখে যাওয়া বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের সরকারের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তরুণ প্রজন্মকে অবহেলা বা পাশ কাটিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে, যা ছাত্র-জনতা মেনে নেবে না। জাবের জানান, খুব শীঘ্রই ঢাকায় এই বিশাল ‘হাদি সমাবেশ’ অনুষ্ঠিত হবে, যেখান থেকে বিচার নিশ্চিত করতে কঠোর বার্তা দেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রস্তাবিত এই সমাবেশটি হবে একটি লিটমাস টেস্ট। সেখানে কোন কোন রাজনৈতিক দল বা সংগঠন অংশ নিচ্ছে, তা থেকেই পরিষ্কার হয়ে যাবে কারা প্রকৃত অর্থে হাদি হত্যার বিচার চায় আর কারা চায় না। হাদির আদর্শকে ধারণ করে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।