শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি জানান। তিনি বলেন, আগামী ১৯ ও ২০ জানুয়ারি রাজধানীসহ সারাদেশে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হবে।
রিজভীর ভাষ্য অনুযায়ী, সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। তিনি জানান, মাজার জিয়ারতের সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। একই দিন দেশব্যাপী বিএনপির বিভিন্ন কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেবেন বলে জানান রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি আরও জানান, জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাইরে জেলা ও মহানগর পর্যায়েও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজেদের সুবিধামতো আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করবে।