নেত্রকোণায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

0
21

নেত্রকোণায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে নেত্রকোণা-২ (সদর–বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন আব্দুল আজিজ, ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আল আমিন, সহসভাপতি শাজাহান মিয়া, দপ্তর সম্পাদক জুলহাস মিয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এবং নেত্রকোণা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্ব এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, বিএনপির নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও এগিয়ে যাবে।

অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, তারেক রহমানের আহ্বানে যারা দলে যোগ দিয়েছেন, তাদের স্বাগত জানানোর পাশাপাশি তিনি দাবি করেন, ‘২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে’ দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তিনি বলেন, একাত্তরের চেতনায় বিশ্বাসী হয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বর্তমান সংকটে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই।