মিরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
16

রাজধানীর মিরপুর এলাকায় সানজিদা ইসলাম মিম (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, প্রেমের সম্পর্কের জেরে অভিমান করে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মিম মিরপুর ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিমের পরিবার জানায়, মিম মেধাবী ছাত্রী ছিলেন। তবে পরিবারের অজান্তেই এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আজ সকালে ওই ছেলের ওপর অভিমান করে তিনি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে স্বজনরা দরজা ভেঙে দেখেন, মিম ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মিম বরগুনার চাঁদ খালি এলাকার সাখাওয়াত মৃধার মেয়ে এবং পরিবারের সঙ্গে মিরপুর ১০ নম্বরের একটি ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিমের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট থানা পুলিশকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।