যুব বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

0
36

যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুপুর দেড়টায় ভারতের বিপক্ষে লড়বে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। প্রতিপক্ষ শক্তিশালী হলেও দলকে চাপমুক্ত রাখার চেষ্টা করছেন প্রধান কোচ নাভিদ নেওয়াজ। তার ভাবনায় ভারতের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক ভিডিও বার্তায় নাভিদ নেওয়াজ জানান, দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচগুলো থেকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তবে বৃষ্টির কারণে প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি। তা সত্ত্বেও প্রথম ম্যাচে প্রতিপক্ষ কে—এটি তিনি খুব বড় বিষয় হিসেবে দেখছেন না। নাভিদের ভাষ্য, প্রস্তুতি ম্যাচগুলো মূলত এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, প্রতিপক্ষ নিয়ে অত ভাবার সুযোগ নেই; যেকোনো দলের বিপক্ষেই খেলতে প্রস্তুত থাকাই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত দলের প্রস্তুতি মোটের ওপর ভালো হয়েছে। আবহাওয়া বা বৃষ্টি—এ ধরনের বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণে নেই, তাই সেগুলো নিয়ে দুশ্চিন্তা না করে নিজেদের কাজেই মনোযোগ দিচ্ছেন তারা। দলের সদস্যরা আগেভাগেই এসে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে বলেও জানান তিনি। প্রথম ম্যাচের আগে হাতে সময় থাকায় ছেলেরা উইকেটের আচরণ আরও ভালোভাবে বুঝতে পারবে এবং তার বিশ্বাস, সবাই যথেষ্ট প্রস্তুত।

ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বীকার করলেও নিজেদের দলকেও দুর্বল ভাবছেন না বাংলাদেশ দলের এই কোচ। নাভিদ নেওয়াজ মনে করেন, নির্দিষ্ট দিনে যে দল ভালো ক্রিকেট খেলতে পারবে, জিতবে তারাই। তার মতে, ভারত যেমন ভালো দল, বাংলাদেশও ভালো দল নিয়েই মাঠে নামছে। পরিকল্পনা ও প্রক্রিয়ার মধ্যে থেকে এগোতে চান তারা, এবং খেলোয়াড়রা যদি পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশের ভালো সুযোগ থাকবে বলেও আশাবাদী তিনি। নাভিদের প্রত্যাশা, ছেলেরা মাঠে নিজেদের পরিকল্পনায় অটল থাকবে এবং শেষ পর্যন্ত সেরা দলটাই জয় পাবে।