নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গে দুই দিনের সফরে যাচ্ছেন জামায়াত আমির

0
35

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা সফর করবেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতের প্রচার বিভাগ এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের আগে ২২ জানুয়ারি তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-তে গণসংযোগ করবেন এবং নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াতের আয়োজনে স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

২৪ জানুয়ারি শনিবার সকালে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে ওই দিন সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।