জনসংখ্যার অর্ধেককে পেছনে রেখে দেশ এগোতে পারে না: জাইমা রহমান

0
49

জনসংখ্যার অর্ধেক অংশকে পেছনে রেখে বাংলাদেশ বেশিদূর এগিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, নিজের ছোট্ট জায়গা থেকেও দেশ ও সমাজের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) ‘ঢাকা ফোরাম’-এর আয়োজনে অনুষ্ঠিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গত ২৫ ডিসেম্বর বাবার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরার পর এটিই জনপরিসর বা নীতিনির্ধারণী পর্যায়ে জাইমা রহমানের প্রথম বক্তব্য।

বক্তব্যে তিনি বলেন, আজ এখানে উপস্থিত সবার আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি এক নয়। তবুও সবাই একসঙ্গে বসে আলোচনা করছেন, কারণ সবাই দেশ ও দেশের মানুষের জন্য ভাবছেন। এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলা এবং একে অপরের কথা শোনা—এটাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বলে মন্তব্য করেন তিনি।

নিজের অনুভূতির কথা জানিয়ে জাইমা রহমান বলেন, ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে তিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে এটি তার প্রথম বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, তিনি এমন কেউ নন যিনি সব প্রশ্নের উত্তর জানেন বা সব সমস্যার সমাধান তার কাছে রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।