প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচ ধরে জয়হীন থেকে রেলিগেশন অঞ্চলে থাকা বার্নলির বিপক্ষে ৩২টি শট নিয়েও মাত্র এক গোল করতে পেরেছে লিভারপুল। এরপর ধুঁকতে থাকা প্রতিপক্ষের কাছেই গোল হজম করে শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে অ্যানফিল্ডের দলটি। এমন ড্রকে প্রায় পরাজয়ের মতোই মনে হচ্ছে বলে জানিয়েছেন অলরেড তারকা ফ্লোরিয়ান উইর্টজ।
সব প্রতিযোগিতা মিলিয়ে আর্নে স্লটের দল ১২ ম্যাচ অপরাজিত থাকলেও ম্যাচ জেতার মানসিকতা ও ফিনিশিংয়ে ঘাটতি চোখে পড়েছে। শনিবার অ্যানফিল্ডে ডমিনিক সোবোসলাইয়ের পেনাল্টি মিসের পর উইর্টজ গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। তবে পুরো ম্যাচে একের পর এক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। উল্টো খুব বেশি সুযোগ না দিয়েও ৬৫তম মিনিটে বার্নলির একমাত্র লক্ষ্যে নেওয়া শটে মার্কাস এডওয়ার্ডস সমতা ফেরান।
ম্যাচ শেষে উইর্টজ বলেন, “পরাজয়ের মতো মনে হচ্ছে এটা। যখন আমরা এত বেশি শট নিলাম, যার মধ্যে অনেকগুলো ছিল লক্ষ্যে, আমার মনে হয় আমাদের আরও বেশি গোল পাওয়া উচিত ছিল। কিন্তু কিছু দিন হয়তো এমনই—সবকিছু চেষ্টা করেও শেষ পর্যন্ত গোল হয় না। আমরা কেবল এক পয়েন্ট নিলাম। তবে আবার মাঠে নামব, আরও ভালো করার চেষ্টা করব।”
কোচ আর্নে স্লটও হতাশা লুকাননি। তিনি বলেন, “আমাদের এই ম্যাচ জেতা উচিত ছিল। সুযোগ তৈরির ক্ষেত্রে আমার আর বেশি কিছু বলার নেই।”
এই ড্রয়ে লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ৩৬, তারা টেবিলের চতুর্থ স্থানে আছে। তিনে থাকা অ্যাস্টন ভিলা (৪৩) তাদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে ম্যানসিটি।
অন্য ম্যাচগুলোতে মাইকেল ক্যারিকের ম্যানইউ ম্যানচেস্টার ডার্বিতে ম্যানসিটিকে ২-০ গোলে হারিয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে। নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে চেলসি লিগে প্রথম জয় পেয়েছে; কোল পালমারের গোলে ব্রেন্টফোর্ডকে ২-০ ব্যবধানে হারায় তারা।
ম্যানসিটির হোঁচটের সুযোগ কাজে লাগাতে পারেনি আর্সেনালও। নটিংহ্যাম ফরেস্টের মাঠে গোলশূন্য ড্র করে তারা শীর্ষে থাকলেও ব্যবধান বেড়ে ৯-এর বদলে ৭ পয়েন্টে নেমেছে। আর্সেনালের পয়েন্ট ৫০।