মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ে গেলে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মিলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রওনা দেয়। পথে সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে বাসটি একটি ইজিবাইককে চাপা দেয় এবং পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। পরে আরও তিনজনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১০ জন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ঢাকা–বরিশাল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওসি মামুন আল রশিদ আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।