ইসির আচরণ প্রশ্নবিদ্ধ, লেভেল প্লেয়িং ফিল্ড নেই: মির্জা ফখরুল

0
40

নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, পোস্টাল ব্যালট যেভাবে পরিচালিত হয়েছে তা সঠিক নয় এবং ব্যালট পেপারে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়া হয়েছে। তার অভিযোগ, নির্বাচন কমিশনের এমন কর্মকাণ্ড কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

প্রচারণার ক্ষেত্রেও সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও নির্বাচন কমিশন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কারা, কী কারণে এই ভোটার স্থানান্তর করেছে—সে বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা কমিশনের কাছে চাওয়া হয়েছে বলে জানান ফখরুল।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ব্যালট পেপারসহ নির্বাচন প্রক্রিয়ার সব ধরনের কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের দাবি জানান তিনি।

এদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নিতে নির্বাচন কমিশনে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।