জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডকে গণহত্যা বলা যায়: তারেক রহমান

0
40

জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, তাকে গণহত্যা বলেই উল্লেখ করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য নতুন একটি ডিপার্টমেন্ট খোলা হবে।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে কাজ করবে। তিনি বলেন, যারা এখনও বিভিন্ন কষ্টে জর্জরিত, তাদের সমস্যাগুলো দেখা হবে। তার বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনের তুলনা টেনে তিনি বলেন, যেভাবে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন, একইভাবে ২০২৪-এর জুলাই যোদ্ধারাও লড়েছে। এজন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো করে জুলাই যোদ্ধাদের জন্য একটি নতুন ডিপার্টমেন্ট তৈরি করা হবে, যার দায়িত্ব থাকবে জুলাই যোদ্ধাদের দেখাশোনা করা।

সভায় শহীদ আনাসের মা আবেগঘন কণ্ঠে বলেন, তারেক রহমান আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় এলে সব শহীদ হত্যার বিচার হবে—এটাই তাদের বিশ্বাস। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তা এখনো পূরণ হয়নি এবং আজও তার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

এদিকে শহীদ জাহিদের মা ফাতেমাতুজ জোহারা কান্নাজড়িত কণ্ঠে সন্তানের স্মৃতিচারণ করে বলেন, বড় ছেলে জিসানকে হারিয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি জানান, ছেলে তাকে আদর করে ‘আম্মু মা’ বলে ডাকত, কিন্তু ছেলের মৃত্যুর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর কেউ তাকে সেই নামে ডাকে না। ছেলে মারা যাওয়ার এক সপ্তাহ আগে তাকে ছেড়ে যাবেন না বলেছিল—কিন্তু শেষ পর্যন্ত সেও চলে গেছে বলে তিনি আক্ষেপ করেন।