তিন দাবিতে ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

0
16

তিনটি গুরুত্বপূর্ণ অভিযোগ ও দাবি সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) কর্মসূচিতে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। তাদের দাবি, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্ত না নিয়ে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে।

এছাড়া তারা অভিযোগ করেন, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য একটি ভয়াবহ অশনিসংকেত।

ছাত্রদল নেতারা আরও বলেন, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতা ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে গণতন্ত্র ও ছাত্র রাজনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তারা এসব সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানান।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।