পল্লবীতে শীর্ষ সন্ত্রাসী বোমা কাল্লু গ্রেফতার

0
44

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে চারটি হত্যা মামলাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসী কাল্লু ওরফে মোস্তাকিম হোসেন ওরফে বোমা কাল্লুকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত বছরের ১০ জুন পল্লবী থানায় দায়ের হওয়া একটি অপহরণ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি বোমা কাল্লু। ওই মামলার সূত্র ধরে গত বুধবার (৭ জানুয়ারি) পল্লবী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে তার বাম পায়ে গুরুতর আঘাত লাগে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে শনিবার (১৭ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বোমা কাল্লুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত মোট ছয়টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া আরও একটি মামলা পল্লবী থানায় তদন্তাধীন আছে।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে বোমা কাল্লু পল্লবী এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অপহরণ ও মালামাল লুটপাট করে আসছিল। পাশাপাশি পল্লবীর বিহারী ক্যাম্প ও আশপাশের বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে নিয়মিত চাঁদাবাজি করত।