খালেদা জিয়ার জন্য দোয়া-মাহফিলের নামে বিএনপির নির্বাচনী প্রচারণার অভিযোগ এনসিপির

0
35

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলের নামে বিএনপি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের বিলবোর্ডে ছবি থাকায় নির্বাচন কমিশন শোকজ দিয়েছে। অথচ ওই বিলবোর্ড গণভোটের প্রচারণার অংশ হিসেবে দেওয়া হয়েছিল। অন্যদিকে তারেক রহমানের ছবি দিয়ে পুরো ঢাকা শহর ছেয়ে গেলেও সে বিষয়ে নির্বাচন কমিশনকে কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।”

তিনি আরও অভিযোগ করেন, “সারা দেশে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করে বিএনপি কার্যত নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।”

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “২০০৮ সালের মতো যদি কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা থাকে, তাহলে সেটি এবার সফল হবে না।”

নির্বাচনী আচরণবিধি সমভাবে প্রয়োগ এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বানও জানান এনসিপির আহ্বায়ক।