জবি নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
35

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের এক সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আকাশ চন্দ্র সরকার। তিনি ২০১৪–১৫ শিক্ষাবর্ষের (১০ম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলায়।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ভাট্টিখানা এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করে গেন্ডারিয়া থানা পুলিশ।

একই মেসে বসবাসকারী রুমমেট ইশতিয়াক জানান, তিনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আকাশের বান্ধবীর ফোন পেয়ে রুমের দরজায় ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে দরজা খুলে গেলে ভেতরে আকাশকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।