পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জমিজমা ও সুপারি পাড়াকে কেন্দ্র করে সংঘটিত একটি হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— স্বপন ওরফে সোহেল মোল্লা, কাদের মোল্লা, আব্দুর রশীদ মোল্লা, ইরানী বেগম, সুফিয়া বেগম ও পুন্ন বেগম। যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলা চলাকালীন অবস্থায় আব্দুর রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা নামের তিন আসামি মারা যাওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় রোজিনা বেগম নামের এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ও সুপারি পাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আবু আকন (৪২) গুরুতর জখম হন। তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনার পর আব্দুল জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আকন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।