গৌরনদীতে মিনি ট্রাকের চাপায় স্কুলছাত্র গুরুতর আহত

0
20

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া অনন্ত নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি মিনি ট্রাকের চাপায় সাইকেল চালানো এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মিনি ট্রাক সাইকেল আরোহী স্কুলছাত্রটিকে চাপা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আহত ছাত্রটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক মিনি ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চালকের নাম সুমন আহমেদ আকাশ (৩৫)। তিনি জাহাঙ্গীর আলমের ছেলে। তাঁর বাড়ি নড়িয়া থানার লুঞ্চি গ্রামে।

দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।