তারেক রহমানের সিলেট সফর স্মরণীয় রাখতে নানা প্রস্তুতি বিএনপির: ৬ স্তরের নিরাপত্তার বলয় গড়বে আইনশৃংখলা বাহিনী

0
43

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দলীয় চেয়ারম্যানের নির্বাচনী জনসভা সফল করতে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী আচরণবিধি মেনে প্রস্তুত করা হচ্ছে জনসভা মঞ্চ।

দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। তারেক রহমান শুধু বিএনপির চেয়ারম্যানই নন, সিলেটের সন্তান হিসেবেও তাঁর প্রতি স্থানীয়দের রয়েছে বিশেষ আগ্রহ ও কৌতূহল। সর্বত্র আলোচনায় তাঁর আগামী রাজনৈতিক বার্তা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে আগামীকাল বুধবার সিলেট সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১০টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এতে বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র ও এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এটি বিএনপির রাজনৈতিক কর্মসূচি হলেও মহানগর এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। বিএনপি নেতৃবৃন্দ ইতোমধ্যে এসএমপি কমিশনারের সঙ্গে নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন। তারেক রহমান যেসব ভেন্যুতে যাবেন এবং যেসব পথে চলাচল করবেন, সেখানে পোশাকী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, “তারেক রহমান সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করবেন। নির্বাচনী আচরণবিধি মেনেই মঞ্চ তৈরি করা হচ্ছে। মাদ্রাসা মাঠের জনসভা জনসমুদ্রে পরিণত হবে এবং এটি দেশের রাজনীতিতে একটি মাইলফলক হয়ে থাকবে।” তিনি জনসভা সফল করতে সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, জনসভা সফল করতে সিলেটজুড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ চলছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কাজ করছেন। তাঁর আশা, বিপুল লোকসমাগমে এই জনসভা সিলেটের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে।

দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর সিলেট সফরের মধ্য দিয়েই ঢাকার বাইরে প্রথম সফরে যাচ্ছেন তারেক রহমান। বুধবার রাতে তিনি সিলেটে পৌঁছে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করবেন। বৃহস্পতিবার সকাল ১০টায় জনসভায় বক্তব্য শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

পথে মৌলভীবাজারের শেরপুর চৌমুহীন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জসহ কয়েকটি স্থানে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এসব জনসভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

এসএমপি সূত্র জানায়, তারেক রহমানের সফর ঘিরে ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে রুট প্রটেকশন, ট্রাফিক নিয়ন্ত্রণ, চেকপোস্ট, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ এবং দ্রুত প্রতিক্রিয়া দল। র‌্যাব ও বিজিবির সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত থাকবেন।

উল্লেখ্য, প্রায় একুশ বছর পর সিলেটে তারেক রহমানের এই সফর দেশের রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। এই জনসভার মধ্য দিয়েই বিএনপি চেয়ারম্যান হিসেবে তাঁর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হচ্ছে।