ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল দক্ষিণ আফ্রিকা। পাওয়ারপ্লে থেকে দ্রুত রান তোলার পর মাঝপথে জেসন রোলস ও অধিনায়ক মুহাম্মেদ বুলবুলিয়া মিলে ২০১ রানের একটি বিশাল জুটি গড়েন। রোলস মাত্র ১০১ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন, যার ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। অন্যদিকে অধিনায়ক বুলবুলিয়া ১০৮ বলে ১০৮ রান করে বড় সংগ্রহে ভূমিকা রাখেন। শেষদিকে পল জেমসের ১৮ বলে ৪৮ রানের ক্যামিওতে ৫০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৯৭ রান। এটি যুব ওয়ানডেতে তাদের দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড।
৩৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তানজানিয়ার ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হন। দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৩২.২ ওভারে ৬৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন সিম্বা এমবাকি। দক্ষিণ আফ্রিকার পক্ষে জেসন রোলস ও বায়ান্দা মাজোলা দুটি করে উইকেট শিকার করেন।
উল্লেখ্য যে, যুব বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ও বড় ব্যবধানে জয়ের রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে। ২০০২ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৪৮০ রান তুলে ৪৩০ রানের ব্যবধানে জিতেছিল অজিরা। দক্ষিণ আফ্রিকা সেই উচ্চতায় না পৌঁছালেও, তানজানিয়ার বিপক্ষে এই জয়টি তাদের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।