আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

0
37

ঐতিহ্য মেনে আধ্যাত্মিক নগরী সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি। আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টায় আকাশপথে ঢাকা থেকে সিলেট পৌঁছানোর কথা রয়েছে দলটির চেয়ারম্যান তারেক রহমানের। বিমানবন্দরে অবতরণের পর তিনি নগরীর উপকণ্ঠে অবস্থিত গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থান করবেন। রাতে তিনি তার শ্বশুরবাড়িতে একটি দোয়া মাহফিলেও অংশ নিতে পারেন।

সফরের মূল কর্মসূচি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে। এদিন তিনি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই জনসভা থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরী এখন ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে। নগরীর আলিয়া মাদরাসা মাঠে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের প্রত্যাশা, এই জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। ২০০৫ সালের পর এটিই হবে সিলেটে তার প্রথম জনসভা।

সিলেট সফর শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ফেরার পথে তিনি মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আয়োজিত পৃথক দুটি জনসভায় বক্তব্য রাখবেন এবং সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।