তারেক রহমানের সমালোচনা করে যা বললেন পাটওয়ারী

0
32

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার যে প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছেন, তা স্পষ্টতই নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। একজন দলীয় প্রধান হিসেবে এমন অবাস্তব এবং প্রভাব বিস্তারকারী প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনি পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা করছেন।

তিনি অভিযোগ করেন, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তারেক রহমান এই প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এনসিপির এই নেতা নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টো দ্বৈত নাগরিক এবং ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা দিয়ে তারা নিজেদের নৈতিক অবস্থান হারিয়েছেন। তিনি ইসিকে ‘আবেগীয় কথা’ না শুনিয়ে অবিলম্বে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন যে, প্রশাসন ও বিএনপি বর্তমানে যোগসাজশ করে চলছে। তিনি বলেন, “আমরা মনে হচ্ছে আরেকটা দুঃশাসনের দিকে যাচ্ছি। আমাদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার বিলবোর্ড বিএনপি ও সিটি কর্পোরেশনের লোকজন মিলে ভেঙে ফেলেছে।” তিনি সরকারি কর্মকর্তাদের কোনো দলের কাছে ‘মাথা বিক্রি’ না করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

সবশেষে তিনি জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শহীদ ওসমান হাদি-র কবর জিয়ারতের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনি এলাকার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।