বিচার বিভাগে নতুন দিগন্ত: ৮ জেলায় ই-বেইলবন্ড উদ্বোধন করলেন আসিফ নজরুল

0
39

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আট জেলায় ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড সেবার উদ্বোধন করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করা হয়।

যেসব জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু হয়েছে, সেগুলো হলো মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, আগে একজন আসামিকে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ পার হতে হতো। এতে প্রচুর সময় নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ব্যয় ও ভোগান্তিও বাড়ত। অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় এখন অনলাইনে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে এবং কে কখন সই করেছেন, তার স্পষ্ট রেকর্ড থাকবে। ফলে ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ আর থাকবে না।

তিনি আরও জানান, ধাপে ধাপে দেশের সব ৬৪ জেলায় ই-বেইলবন্ড চালুর পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে চালুর পর এবার আরও আটটি জেলায় এই সেবা চালু হলো। এতে করে ভবিষ্যতে এই কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ই-বেইলবন্ড চালুর ফলে একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হবে। অনলাইনে জামিননামা দাখিলের মাধ্যমে এক ঘণ্টার মধ্যেই আসামির মুক্তি নিশ্চিত করা যাবে।

উল্লেখ্য, বিচার ব্যবস্থা আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যে প্রচলিত কাগজভিত্তিক বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ই-বেইলবন্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগ বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।