বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এ জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা ও ছাত্র প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও ইউপি সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি চাই না। নির্বাচিত হলে দলীয় পরিচয় বিবেচনা না করে সবার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে কাজ করব।
তিনি বলেন, আগামী নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনকে তরুণ প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনের মাইলফলক হিসেবে দেখতে হবে। নারীর অধিকার রক্ষায় জামায়াত আরও সোচ্চার থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
ডা. তাহের আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে। আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলেছে।
২০০১–২০০৬ মেয়াদে নিজের দায়িত্বকাল প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে তিনি কোনো দুর্নীতিতে জড়াননি। মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হলেও পরে দুর্নীতিমুক্ত হিসেবে তিনি প্রত্যয়নপত্র পেয়েছেন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় নোয়াবাজারের খাদিজা ইন হোটেলে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহা. শাহজাহানসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।