বার্নাব্যুতে রিয়ালের গোল উৎসব: মোনাকোকে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত করল লস ব্লাঙ্কোস

0
30

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক রিয়াল মাত্র পঞ্চম মিনিটে কিলিয়ান এমবাপের গোলে লিড নেয়। ২৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড। চলতি আসরে এটি এমবাপের ১১তম গোল, যা চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে তার ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে মোনাকোর ওপর আরও চড়াও হয় রিয়াল। ৫১ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ব্যবধান ৩-০ করেন। এর কিছুক্ষণ পরেই ভিনিসিয়ুসের ক্রস ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন মোনাকোর ডিফেন্ডার থিলো কেহরার। গোল করানোর কারিগর ভিনিসিয়ুস ৬৩ মিনিটে স্কোরশিটে নাম তুলে ব্যবধান ৫-০ তে নিয়ে যান। ৭২ মিনিটে মোনাকোর জর্ডান তেজে সান্ত্বনার এক গোল করলেও ৮০ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে রিয়ালের বিশাল জয় নিশ্চিত হয়।

সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখন টেবিলের দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ, যেখানে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। অন্যদিকে, এই হারের পর ৯ পয়েন্ট নিয়ে তালিকার ২০ নম্বরে নেমে গেছে মোনাকো। টানা ব্যর্থতার পর এমন দাপুটে পারফরম্যান্স বার্নাব্যুর দর্শকদের আবারও শিরোপার স্বপ্ন দেখাতে শুরু করেছে।