একটি দলের কর্মকাণ্ডকে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

0
49

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তাদের কার্যকলাপকে ‘নাউজুবিল্লাহ’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, ওই দলটি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বলছেন, নির্বাচনের আগেই যারা মানুষকে ঠকাচ্ছে, তারা নির্বাচনের পর কী করবে—এ প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, ওই দল শুধু মানুষকে ঠকাচ্ছে না, বরং তাদের দিয়ে শিরক করানো হচ্ছে।

বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এটিই ছিল বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সমাবেশের মঞ্চে উপস্থিত হন এবং বক্তব্যের শুরুতেই সিলেটি উচ্চারণে উপস্থিত জনতাকে সালাম জানিয়ে তাদের খোঁজখবর নেন।

বক্তব্যের একপর্যায়ে মঞ্চের সামনে থাকা একজন ব্যক্তিকে ডেকে এনে তারেক রহমান বলেন, এখানে উপস্থিত সবাই মুসলমান। এরপর তিনি প্রশ্ন করেন, এই দুনিয়া ও জান্নাত-জাহান্নামের মালিক কে। ওই ব্যক্তি উত্তরে আল্লাহর নাম বললে তারেক রহমান বলেন, যেখানে জান্নাত-জাহান্নামের মালিক আল্লাহ, সেখানে কিছু মানুষ দুনিয়াতেই এর লোভ দেখাচ্ছে। তিনি আবারও প্রশ্ন রাখেন, যারা আগেই মানুষকে ঠকাচ্ছে, তারা পরে কী করবে।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিদেশে বসে কিছু লোক এসব ষড়যন্ত্র করছে এবং এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এরপর তিনি ধানের শীষে ভোট চেয়ে বিএনপির উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে, বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং কৃষকদের পাশে দাঁড়ানো হবে। তিনি খাল খনন কর্মসূচির কথাও উল্লেখ করে বলেন, ১২ তারিখে ধানের শীষকে জয়যুক্ত করলে আবার খাল খনন শুরু হবে।

‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এই আন্দোলনের অর্ধেক পথ পাড়ি দেওয়া হয়েছে। নির্বাচনে জয়ের পর বাকি পথ পূরণের যাত্রা শুরু হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিলেট থেকে যে যাত্রা শুরু হলো, তা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যাত্রা। তিনিও কোনো দলের নাম না নিয়ে বলেন, একটি রাজনৈতিক দল কুৎসা রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এর আগে সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। গতকাল রাতে তিনি স্ত্রী জুবাইদা রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সিলেটে পৌঁছান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এটিই ছিল ঢাকার বাইরে তার প্রথম সফর। মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রীর পৈতৃক বাড়িতে যান এবং সেখানে কিছু সময় অবস্থান করে রাতে হোটেলে ফিরে যান। সেখান থেকেই আজকের নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।