আট ইউএনওর বদলির আদেশ বাতিল

0
29

দেশের আট উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২০ জানুয়ারি জারি করা আট ইউএনওর বদলির আদেশ বাতিল করা হলো। এর আগে নির্বাচন কমিশনের সম্মতির পর গত মঙ্গলবার ওই বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

বদলির আওতায় থাকা ইউএনওদের মধ্যে ছিলেন বরগুনার পাথরঘাটা, ভোলার চরফ্যাশন, চুয়াডাঙ্গার জীবননগর, পিরোজপুরের ভান্ডারিয়া, বগুড়ার ধুনট, হবিগঞ্জের বাহুবল, ফরিদপুরের নগরকান্দা ও নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ইউএনওরা।

বদলি হওয়া কর্মকর্তাদের ২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাৎক্ষণিকভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করার কথাও বলা হয়েছিল। তবে বৃহস্পতিবার জারি করা নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই আদেশ বাতিল করা হয়।