প্রাথমিকভাবে সংঘর্ষের কারণ নিশ্চিত হওয়া না গেলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার কলেজ ছুটির পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করে। আজ সকালে ওই শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে এলে সহপাঠীরা উত্তেজিত হয়ে পড়েন এবং সায়েন্স ল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন। অন্য একটি সূত্র মতে, ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ঢিল ছোড়াকে কেন্দ্র করে উত্তেজনার শুরু হয়।
বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি ধাওয়া প্রায় দেড় ঘণ্টা ধরে চলে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে টিয়ার শেল ছুড়লে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।
সংঘর্ষ চলাকালে ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালানো হয় এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের কারণে মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে প্রায় এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। দুপুর ১টা ১৫ মিনিটের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি ‘শান্তি চুক্তি’ হলেও তার দেড় মাসের মাথায় আবারও এই সংঘর্ষের ঘটনা ঘটল। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।