তিন নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

0
69

ঐতিহাসিক তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচি পালন করেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।

সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনের নেতৃত্বে নেতা-কর্মীরা শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধি জিয়ারত করেন। এরপর তারা ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’ লেখা ব্যানার নিয়ে একটি পদযাত্রা করেন। পদযাত্রা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জুলাই বিপ্লবের অন্যতম ছাত্রনেতা শরিফ ওসমান হাদির সমাধিস্থলে গিয়ে দোয়া ও মোনাজাত করেন তাঁরা। জিয়ারত কর্মসূচি শেষে দলের নেতৃবৃন্দের জাতীয় প্রেসক্লাবে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে এনসিপি। ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে দলটির ৩০ জন প্রার্থী সারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে লড়ছেন। প্রচারণার প্রথম দিনেই এনসিপি নেতৃবৃন্দ শহীদদের স্মৃতি ও জাতীয় নেতাদের আদর্শ ধারণ করে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।