পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন বার্সেলোনা

0
45

ম্যাচের শুরুতেই গোল হজম করলেও দৃঢ় মানসিকতা ও আক্রমণাত্মক ফুটবলের জোরে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। চেক প্রজাতন্ত্রের মাঠে স্লাভিয়া প্রাহাকে ৪–২ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় সরাসরি ওঠার সম্ভাবনা জিইয়ে রেখেছে হান্সি ফ্লিকের দল।

বুধবার রাতে ম্যাচের দশম মিনিটেই পিছিয়ে পড়ে লা লিগা চ্যাম্পিয়নরা। কর্নার থেকে আসা বলে ভাসিল কুসেইয়ের পা ছুঁয়ে বল জালে জড়ায়। তবে দ্রুতই সেই ধাক্কা সামলে নেয় বার্সেলোনা। ৩৪তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস থেকে বক্সে ঢুকে কোনাকুনি শটে সমতা ফেরান ফের্মিন লোপেস। মাত্র আট মিনিট পর পেদ্রির পাস পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আবার সমতায় ফেরে স্লাভিয়া প্রাহা। কর্নার থেকে আসা বল লেভানদোভস্কির কাঁধে লেগে আত্মঘাতী গোলে পরিণত হয়। ফলে বিরতিতে ২–২ সমতায় মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ৬১তম মিনিটে বদলি হিসেবে নামা দানি ওলমো মাঠে নেমেই প্রভাব রাখেন। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট গোলরক্ষকের নাগালের বাইরে চলে যায়। ৭০তম মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের কাট-ব্যাক থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান রবার্ত লেভানদোভস্কি।

এরপর রাফিনিয়া ও র‍্যাশফোর্ডের আরও কয়েকটি আক্রমণ স্লাভিয়ার গোলরক্ষক ঠেকিয়ে দেন। ফলে ব্যবধান আর না বাড়লেও শেষ পর্যন্ত ৪–২ গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে বার্সেলোনার সংগ্রহ ১৩ পয়েন্ট। তারা রয়েছে নবম স্থানে, সমান পয়েন্টে আছে আরও কয়েকটি দল। প্রথম পর্বে বাকি আছে মাত্র এক রাউন্ড। ৩৬ দলের এই আসরে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় উঠবে, আর নবম থেকে ২৪তম দলগুলোকে খেলতে হবে প্লে-অফ।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেননি তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবুও গুরুত্বপূর্ণ এই জয় বার্সেলোনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সমর্থকরা।