একাত্তরে অর্জিত স্বাধীনতা চব্বিশে রক্ষা হয়েছে: তারেক রহমান

0
42

একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও সেই স্বাধীনতা চব্বিশে এসে রক্ষা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ার মিনি স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় দলমত বা ধর্মের কোনো ভেদাভেদ ছিল না, সবাই একসঙ্গে লড়াই করেছে। একইভাবে চব্বিশেও রিকশাচালক, ভ্যানচালক, শিশু থেকে বৃদ্ধ—সবাই এক হয়ে আন্দোলনে নেমেছে। তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে, কিন্তু অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাগুলোর বিচার হয়নি।

নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ভোট নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যাচ্ছে, কীভাবে বিদেশি ভাইদের ব্যালট পেপার একটি দল দখলে নিয়েছে। একই ধরনের ষড়যন্ত্র দেশেও হচ্ছে এবং আবারও নিশিরাতের নির্বাচন করার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। এ কারণে ভোটের দিন সবাইকে তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের পরপরই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তারা কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করতে চান এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার উদ্যোগ নেবেন। এসব বাস্তবায়ন করতে হলে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতে জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ তার জবাব দেবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ধানের শীষের প্রার্থীরা সবাই আন্দোলনে ছিলেন এবং গণতান্ত্রিক রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাদের জয়ী করতে পারলে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক উন্নয়ন, স্কুল সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে। পাশাপাশি তরুণ সমাজের বেকারত্ব দূর করতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এদিন সিলেটসহ বিভিন্ন স্থানে নির্বাচনি জনসভায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন তারেক রহমান। সরাইলের কুট্টাপাড়ার এই জনসভাটি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর চতুর্থ জনসভা।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। সভায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই জেলার নয়টি উপজেলা থেকে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেন।