আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন নাগরিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচন কমিশন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এ ছাড়া ভোটার তালিকায় ১ হাজার ১২০ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন।
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনী ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দিচ্ছে কমিশন। আসনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ৩০০ আসনের মধ্যে গাজীপুর-২ আসনে সর্বোচ্চ ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন ভোটার রয়েছেন। বিপরীতে সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে, যেখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।
নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, প্রতিটি আসনের ভোটার সংখ্যার ভিত্তিতে ব্যালট পেপার মুদ্রণ ও ভোটকেন্দ্র স্থাপনের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। ভোটারদের এবার দুটি বিষয়ে ভোট দিতে হওয়ায় ভোট গ্রহণ ও গণনায় অতিরিক্ত সতর্কতা এবং কিছুটা বেশি সময় লাগতে পারে বলেও কমিশন আগেই সতর্ক করেছে।
নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের কথা জানিয়ে ইসি বলেছে, এনআইডি সংগ্রহ বা ভোটারদের কোনো ধরনের উপহার দেওয়ার প্রতিশ্রুতি আইনত দণ্ডনীয় অপরাধ। প্রার্থিতা সংক্রান্ত কোনো জটিলতা বা আদালতের নির্দেশনা এলে তাৎক্ষণিকভাবে কার্যকর করার ব্যবস্থাও সক্রিয় রয়েছে।
নতুন ভোটার ও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এবারের নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় সভা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন।