ঢাকার কেরানীগঞ্জে বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত হাছান মোল্লা (৪৫) কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
আহত হাছান মোল্লার ভাই রাকিব হোসেন জানান, তার ভাই একজন ব্যবসায়ী এবং স্থানীয় বিএনপির গুরুত্বপূর্ণ নেতা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জগন্নাথপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নির্বাচনী কাজ শেষে একই এলাকার একটি ওয়াজ মাহফিলে যান হাছান মোল্লা। পরে সেখান থেকে তিনি নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।
বাড়ি ফেরার পথে কেরানীগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডে হিরো চেয়ারম্যানের বাড়ির পাশে পৌঁছালে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। গুলি চালানোর পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরু করা হয় এবং বর্তমানে অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।