ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজায় ‘মবতন্ত্র’ থিমের মণ্ডপ

0
39

আজ সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে প্রশাসন ও বিভিন্ন বিভাগ মিলিয়ে ৭৬টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মণ্ডপ, যার মূল থিম ‘মবতন্ত্র’।

মণ্ডপটি তৈরি করা হয়েছে সম্প্রতি দেশের শীর্ষ দুই গণমাধ্যমে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে। আয়োজকরা বলেন, সাংবাদিকতা জনগণের স্বার্থ রক্ষা ও সত্য অনুসন্ধানে নিয়োজিত। কিন্তু যখন সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো সহিংস হামলার শিকার হয়, তখন এটি শুধু একটি পেশার নিরাপত্তা নয়, বরং পুরো সমাজের গণতান্ত্রিক ভবিষ্যৎকেও ঝুঁকির মুখে ফেলে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শ্রাবস্তী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা থেমে থাকা কলম বা পোড়া সংবাদপত্রের কথা বলিনি। আমাদের লক্ষ্য ছিল সব নিপীড়নের বিরুদ্ধে বার্তা পৌঁছানো — অস্পৃশ্য হরিজন, ক্ষুদ্রতম মজুরি পান না এমন চা শ্রমিক, প্যালেস্টাইনে ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকা শিশু। বার্তা: যুদ্ধ নয়, শান্তি; মব নয়, সুবিচার।”