বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উত্তরবঙ্গের আটটি জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সকাল সাড়ে ৮টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ সময় তিনি নির্বাচনকে ভিন্ন কোনো কৌশলে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্য থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের সংকটের মধ্যেও প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত হওয়া একটি বড় অর্জন। প্রবাসীদের ব্যালট সময়মতো পৌঁছানো নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি। প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, যাকে পছন্দ করেন, নিঃসংকোচে তাকে ভোট দিন। একটি ভোটও জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারে। ভোটাধিকার শুধু অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব।
জামায়াত আমীর আরও বলেন, দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর সমন্বয়ে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। জনগণের সমর্থনে সরকার গঠনের সুযোগ পেলে যৌক্তিক ও বাস্তবতার আলোকে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তাদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উদ্দেশ্যমূলক ভিডিও তৈরি করে সংগঠনকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সেক্রেটারি আবদুস সাত্তার সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে বিদায় জানান।