ভালুকায় সড়ক দুর্ঘটনায় মিনি বাস উল্টে নিহত ২

0
42

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় একটি মিনি বাস উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে থানা সূত্র জানায়, ময়মনসিংহগামী একটি মিনি বাস মেহেরাবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে বাসে থাকা একাধিক যাত্রী আহত হন।

ভালুকা হাইওয়ে থানার ওসি মেহেদী মাসুদ জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ঘটনাস্থলেই বাসের যাত্রী শাহজাহান সিরাজ (৪০) মারা যান। তিনি উপজেলার বিরুনীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আরও চারজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর বাসের হেলপার মোহাম্মদ অনিক মিয়া (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে হাইওয়ে থানা কর্তৃপক্ষ।