এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জামালপুর শিশু আদালত-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর সদর উপজেলার ডেফালী বাড়ি গ্রামের আলাল উদ্দিনের ছেলে রিফাত হোসেন (১৮) এবং গোপালপুর উপজেলার দামেশ্বর গ্রামের আব্দুল মান্নান আকন্দ বেলের ছেলে সাব্বির হোসেন আকন্দ ওরফে সেতু (২৪)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০১৮ সালের ২৬ জানুয়ারি রাতে দশম শ্রেণির ওই ছাত্রী বাড়ির কাছে কেন্দুয়া দেওয়ানীপাড়া এলাকার মাদ্রাসা মাঠে আয়োজিত বাৎসরিক ইসলামি সম্মেলন ও ওয়াজ মাহফিল শুনতে যায়। রাত আনুমানিক ১১টার দিকে খাবার কিনতে অনুষ্ঠানস্থলের বাইরে গেলে আসামিরা তাকে জোরপূর্বক পাশের একটি মেশিন রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলার বিচারকালে আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও প্রাসঙ্গিক নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩)-এর ৯(৩) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে তিন লাখ টাকা জরিমানার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মান্নান।