ফ্যাসিবাদের ছায়া আর দেখতে চাই না : জামায়াত আমির

0
24

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে কোনো ভোট ডাকাতি দেখতে চাই না। ইনসাফ না থাকার কারণে দুর্নীতিবাজরা দেশের টাকা বিদেশে পাচার করেছে। বেগম পাড়া বানিয়েছে। এ দেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। নতুন পোশাকের ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও ৫ আগস্টের মতো হবে।

গতকাল বৃহস্পতিবার মিরপুরে আদর্শ স্কুলমাঠে জামায়াতের নির্বাচনী সমাবেশে জামায়াত আমির এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা চাই কর্মক্ষেত্রে নারীরা সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবেন। তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তা-ঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। নারী-পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গড়ব।

ডা. শফিকুর রহমান বলেন, ১০ দলীয় জোটকে ভোট দেওয়ার মানে চাঁদাবাজির বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট। এবার মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবেন।

সরকারি ট্যাক্সের বাইরে কিন্তু একটা ‘বেসরকারি ট্যাক্স’ আছে। রাস্তার পাশে বসে যে ভাই-বোনটি ভিক্ষা করে তার কাছ থেকেও ওই ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশা আল্লাহ, ট্যাক্স নামের কোনো চাঁদাবাজি আর চলবে না।

জামায়াত আমির বলেন, আমরা আগামীর সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারব। ঘুণে ধরা রাজনীতি ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য গণভোটে মানুষ ‘হ্যাঁ’ জয়যুক্ত করবে।